বেড়িবাঁধে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ

কক্সবাজারের–টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বেড়িবাঁধের সিসি ব্লকের ভিতরে আটকে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১আগষ্ট) বিকেল ৫টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া সমুদ্রসৈকত এলাকার বেড়িবাঁধ থেকে এই অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় মরদেহটির চেহারা কিছুটা বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির মুখে হালকা দাড়ি-গোঁফ রয়েছে। তিনি বিবস্ত্র ছিলেন। পানিতে দীর্ঘ সময় থাকায় শরীরের বিভিন্ন অংশের ত্বকের রঙ পরিবর্তিত হয়েছে। এ ছাড়া সিসি ব্লকের সঙ্গে ধাক্কা লেগে শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গড়ন দেখে তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।এদিকে স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, গতকাল শুক্রবার গোলারচর এলাকায় রোহিঙ্গাবাহী একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নয়জনের মধ্যে তিনি একজন হতে পারেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, জোয়ারের স্রোতে ভেসে এসে মরদেহটি বেড়িবাঁধের সিসি ব্লকে আটকে যায়। স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরও বলেন, মৃত ব্যক্তি বাঙালি নাকি রোহিঙ্গা, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।এর আগে, গতকাল শুক্রবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় একটি রোহিঙ্গাবাহী ট্রলার ডুবির ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়। তারমধ্যে ৯জন নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন