লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

সারোয়ার মিরন, রামগতি: প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী এআর হাফিজ উল্লাহ। ২২ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে আটটায় এ মোটরসাইকেল র্যালিটি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে শুরু হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) নির্বাচনী আসনের দলীয় প্রার্থী এ আর হাফিজ উল্লাহ। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা জামায়াত আমির মাওলানা আবদুর রহিম, সেক্রেটারি আলী মর্তুজা, পৌর জামায়াত আমির মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি মাওলানা জাফর আহমেদ,কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি আকরাম হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মোটরসাইকেল র‌্যালিতে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে উৎসুক জনতাকে হাত নেড়ে অভিবাদন করেন এ আর হাফিজ উল্লাহ। এ সময় তিনি প্রধান প্রধান বাজারগুলোতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। র‌্যালিটি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে চরলরেঞ্চ, হাজীরহাট, করুনানগর, জমিদারহাট, আলেকজান্ডার, রামদয়াল বাজার, বিবিরহাট, রামগতি বাজার, বান্দেরহাট, হাজীগঞ্জ, ফজুমিয়ার হাট হয়ে তোরাবগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
দিনব্যাপি এ মোটরসাইকেল শোডাউনে উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে প্রায় ২ সহস্রাধিক মোটরসাইকেল আরোহী নেতা-কর্মী অংশ নেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম জানান, আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের প্রার্থীর প্রচার-প্রচারণায় ব্যতিক্রমী এবং আকর্ষণীয় কার্যক্রমের অংশ হিসেবে এর আয়োজন করা হয়েছে। দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে এটি বেশ সাড়া জাগিয়েছে।

আরও পড়ুন