রামগতি: লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়।
রোববার (১৭ মে ২০২৬) রামগতি থানার এস আই ময়নাল ও মো: মাসুদ এর নেতৃত্বে পুলিশ উপজেলার চর আফজল এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে এ সফলতা অর্জন করে। আটককৃতরা হলেন ছামেনা বেগম (৪৫) ও আব্দুল সহিদ (৬৫)। তারা চর আফজল এলাকার নাছির দুবাইয়ের বাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আলতাফ (৩০) ও মো. রাসেল (২৫) নামে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় রামগতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-১৪ এবং জি আর নং-১০৫, তারিখ ১৭ মে ২০২৬। রামগতি থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।
