লক্ষ্মীপুরে রুপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রুপালী ব্যাংক পিএলসি, জোনাল অফিস লক্ষ্মীপুরের উদ্যোগে অফিসের আওতাধীন ৯টি শাখার শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে “ব্যবসায়িক অগ্রগতি সভা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, চলমান বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, কুমিল্লার মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, কুমিল্লার উপমহাব্যবস্থাপক মো. ইলিয়াস হোসেন এবং মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার বিজন ভৌমিক।
সভায় জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন শাখার ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, শ্রেণিকৃত ঋণ হ্রাস, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ, প্রবাসী আয় বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মান উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সকল কর্মকর্তাকে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে দলগত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
সভায় অংশগ্রহণকারী শাখা ব্যবস্থাপকগণ নিজ নিজ শাখার ব্যবসায়িক অগ্রগতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, ঋণ আদায় জোরদারকরণ এবং ব্যাংকের সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে চলতি বছরের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন