কমলনগর সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভূমি অফিস থেকে ১ দালালকে আটক করে সাজা প্রদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসাইন। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসা চর জাঙ্গালীয়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে মো: হারুনুর রশিদ (৪০)কে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়েছে।
কমলনগর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, কমলনগর ভূমি অফিসে একজন দালাল সেবাগ্রহীতার সঙ্গে বিপুল অর্থের চুক্তিতে মিউটেশান ( নামজারি) সম্পন্ন করার লক্ষ্যে তদবির নিয়ে ভূমি অফিসে আসলে তাকে হাতেনাতে ধরা হয় এবং দালালি ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কমলনগর থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
কমলনগর উপজেলা ভূমি কমিশনার( এসিল্যান্ড) মো: আরাফাত হোসাইন জানান, ভূমি অফিসে দালালি করতে আসার প্রমাণ ও স্বীকারোক্তি পাওয়ার পর আটককৃতকে ভ্রাম্যমান আদালতে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
